আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি শ্রমিক আটক

মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যে ইমিগ্রেশন বিভাগের এক বিশেষ অভিযানে ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজ্যের চেমোর এলাকার কানথান শিল্পাঞ্চলে দুটি কারখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক জেমস লি জানান, রাত ৭টা থেকে শুরু হওয়া এই অভিযানে শ্রম বিভাগ, পুলিশ এবং জাতীয় নিবন্ধন বিভাগের সদস্যরাও অংশ নেন। প্রথম কারখানা থেকে ৫৬ জন এবং দ্বিতীয় কারখানা থেকে বাকি শ্রমিকদের আটক করা হয়। মূলত কর্মঘণ্টার শিফট পরিবর্তনের সময় তাদের ঘেরাও করে আটক করে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃত শ্রমিকদের অনেকে মালয়েশিয়ায় প্রবেশের জন্য ব্যবহৃত ভিজিট পাসের অপব্যবহার করেছেন। আবার অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করছিলেন। এছাড়া সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ উঠেছে। সন্দেহ করা হচ্ছে, এক খাতের জন্য নিবন্ধিত শ্রমিকদের অন্য খাতে বা অন্য কোম্পানির অধীনে অবৈধভাবে কাজ করানো হচ্ছিল।

আটককৃতদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯বি ধারা (পাস বা পারমিটের অপব্যবহার) অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। ইমিগ্রেশন বিভাগ স্পষ্ট জানিয়েছে, গত বছরের পর ওই কারখানাগুলোতে এটি দ্বিতীয় অভিযান। অবৈধভাবে অবস্থানরত শ্রমিকদের পাশাপাশি অপরাধে জড়িত নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মালয়েশিয়া প্রশাসন। বর্তমানে আটকদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *